প্রচ্ছদ > খেলা > ফুটবল

হতাশা ঘোচাতে গিয়েছিলেন ‘প্রেমের দ্বীপে’, সেখানেই স্বপ্ন পূরণ সেনেসির

article-img

স্পেনের বিখ্যাত ইবিজা দ্বীপে মেতে ছিলেন মার্কোস সেনেসি। প্রেমিকার হাত ধরে যখন সমুদ্র সৈকতে অলস সময় কাটাচ্ছিলেন, তখন তার মনের এক কোণে হয়তো কাজ করছিল চাপা এক হতাশা। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে যে জায়গা হয়নি এই ডিফেন্ডারের। তবে ভাগ্য বিধাতা তার জন্য লিখে রেখেছিলেন অন্য চিত্রনাট্য। বৃহস্পতিবার (১১ জুন) হুট করেই একটি ফোন কলে ওলটপালট হয়ে গেল তার ছুটির দিনগুলো।

আর্জেন্টাইন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি ৫ জুন ডান পায়ের পেশিতে গুরুতর চোট পেয়ে দল থেকে ছিটকে যান। তার জায়গায় গতকাল বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন সেনেসি। আর তাতেই ইবিজার ছুটি রূপ নিয়েছে বিশ্বমঞ্চের টিকিট পাওয়ার এক আবেগী উৎসবে।

দলে ডাক পাওয়ার অনুভূতি

আর্জেন্টিনা দলে ২০২২ সালে অভিষেক হয় সেনেসির। তবে নিয়মিত একাদশে সুযোগ পাননি এই ডিফেন্ডার। আলবিসেলেস্তের জার্সি গায়ে ৩ ম্যাচে খেলেছেন সেনেসি। তবে বর্তমান সময়টা তার জন্য যেন জীবনের সেরা বসন্ত। মাঠের ফুটবলে বোর্নমাউথকে ইউরোপা লিগে তুলতে নেতৃত্ব দিয়েছেন। গত বুধবারই ফ্রি এজেন্ট হিসেবে নাম লিখিয়েছেন ইংলিশ জায়ান্ট ক্লাব টটেনহাম হটস্পারে। আর এর ২৪ ঘণ্টার মাথায় গতকাল পেলেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ দলে ডাক পাওয়ার খবর।

বিশ্বকাপে জায়গা পাওয়ার অনুভূতি সেনেসি জানিয়েছেন আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে। সেখানে এই ডিফেন্ডার বলেন, ‘সত্যি বলতে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ছোটবেলা থেকে দেখে আসা স্বপ্নটা যে এভাবে পূরণ হবে, ভাবিনি। খবরটা পাওয়ার পরই ছুটির আমেজ ভুলে দ্রুত ব্যাগ গোছাতে শুরু করেছি। যত দ্রুত সম্ভব বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে তর সইছে না আমার।’

দলে ডাক পাওয়া যেভাবে উদযাপন করেছন সেনেসি

দলে সুযোগ হওয়ার খবরটি পাওয়ার সময় সেনেসির প্রতিক্রিয়া ভিডিওতে ধারণ করেন তার প্রেমিকা কেলসি রোজ। ভিডিওতে দেখা যায় সেনেসি সে সময় কলে ছিলেন এবং তাকে বেশ আশ্চর্য দেখা যায়। খবরটি শুনে কেলসির মুখে প্রথম কথাই ছিল, ‘ওহ মাই গড!’ তারপর একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা যায় সেই ভিডিওতে।

সেনেসির প্রেমিকা কে এই কেলসি

২২ বছর বয়সী কেলসি নিজেও একজন ফুটবলার। ইংলিশ ক্লাব বোর্নমাউথের হয়ে রাইট ব্যাক পজিশনে খেলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ পরিচিত কেলেসি। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ২ লাখেরও বেশি।

সেনেসি যখন বোর্নমাউথে ছিলেন, তখন ক্লাবের একটি প্রমোশনাল ফটোশুটের সময় এই আর্জেন্টাইন ডিফেন্ডারের সঙ্গে পরিচয় হয় কেলেসির। ২০২৪ সালের শেষভাগ থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন এই দুজন। 

ছুটিতেও সেনেসির আলসেমি নয়

সাধারণত পেশাদার ফুটবলাররা দীর্ঘ মৌসুম শেষে ছুটিতে গেলে ডায়েট আর কঠোর পরিশ্রম থেকে কিছুটা দূরে থাকেন। তবে সেনেসি ছিলেন ব্যতিক্রম। শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ডাক পাওয়ার একটা ক্ষীণ আশা তার মনে ছিল।

আগামী ১০ জুলাই থেকে নতুন ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে প্রাক মৌসুম ক্যাম্প শুরু হওয়ার কথা। তাই ইবিজার সৈকতে প্রেমিকার সঙ্গে রোমান্টিক সময় কাটানোর পাশাপাশি প্রতিদিন নিয়ম করে ঘাম ঝরিয়েছেন জিমে। তার পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনা দলে ডাক পেয়ে।

ইবিজা দ্বীপের বিলাসী রিসোর্ট থেকে ব্যাগপত্র গুছিয়ে এখন বিশ্বজয়ের মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত সেনেসি। টটেনহামের নতুন সতীর্থ এবং আর্জেন্টিনা দলের রক্ষণভাগের প্রধান সেনানি ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে এবার জুটি বাঁধবেন তিনি।

আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।


আরো খবর